কিউই বোলিংয়ে বিধ্বস্ত ভারতীয় ব্যাটিং, অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড
বেসিন রিজার্ভের পুনরাবৃত্তি ঘটতে চলেছে ? প্রশ্ন কিন্তু উঠে গেল ভারতীয় ব্যাটিং নিয়ে। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের। তফাৎ শুধু প্রথম টেস্টের দুটি ইনিংসে ২০০ রানের গণ্ডি পেরতে পারেনি ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই ২০০ রানের গণ্ডি পেরতে পেরেছে। ভারতের ইনিংস শেষ হয়েছে ২৪২ রানে। কিউয়ি বোলারদের দাপট ছিল অব্যাহত। বেসিন রিজার্ভে টেস্ট অভিষেক হয়েছিল কাইল জেমিসনের। সেই ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। ক্রাইস্টচার্চেও জেমিসন আগুন ঝরালেন। ৪৫ রান দিয়ে ৫টি উইকেট নেন দীর্ঘকায় পেসার। সাউদি ও বোল্ট দু’টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে নিউজিল্যান্ড করেছে বিনা উইকেটে ৬৩ রান। লাথাম (২৭) ও ব্লান্ডেল (২৯) অপরাজিত রয়েছেন।