‘কৃষক’ অবতারে ট্রাক্টর চালিয়ে জমি চাষ করছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে এখনও ধোঁয়াশা বিতর্ক চলছেই। তাঁর অবসর নিয়ে জল্পনাও অব্যাহত। কারণ, ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর এখনও পর্যন্ত ব্যাট হাতে দেখা যায়নি ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ককে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর কার্যকলাপের ছবি দেখা যায় প্রায়শই। এবার একেবারে অন্যভাবে দেখা গেল মাহিকে। নতুন ট্রাক্টরটা কদিন আগেই কিনেছেন। ধোনির (MS Dhoni) বাইক এবং গাড়ির শখ আছে, একথা সবারই জানা। কিন্তু তিনি হঠাৎ মাহিন্দ্রার ট্রাক্টর কেনায় অনেকেই বেশ অবাক হয়েছিলেন। অনুরাগীদের মনে কৌতূহল ছিল, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ট্রাক্টর নিয়ে করবেনটা কী? অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। লকডাউন (Lock Down) পেরিয়ে দেশ আনলকের পথে হাঁটতেই কৃষক অবতারে নিজের ফার্মহাউসে চাষবাস করতে নেমে পড়েছেন মাহি। নিজের হাতে সেই ট্রাক্টরটি চালিয়ে জমি চাষ করতে দেখা গিয়েছে তাঁকে। যে ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।